উৎসবমুখর পরিবেশে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে চাঁদপুর জেলার মতলব উত্তরের ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬। খেলাধুলা, গান, নৃত্য ও আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো।
ব্যাপক আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি ও মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
দুই দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ইসলামী সংগীত, দেশাত্মবোধক গান, পল্লীগীতি, আধুনিক গান, একক অভিনয়, কবিতা আবৃত্তি, নৃত্যসহ নানা সাংস্কৃতিক ইভেন্ট। শিক্ষার্থীদের সৃজনশীল ও প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে কর্মব্যস্ততার কারণে উপস্থিত হতে না পারলেও মতলবের কৃতি সন্তান, বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব আতাউর রহমান খান, কর্নেল সানাউল্লাহ, শহীদুল্লাহ খানসহ তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
বিআলো/তুরাগ



