এবার আরও তিন প্রার্থীর ফোনে অমিতের কল
যশোর প্রতিনিধি : দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল কাদেরের সঙ্গে কথা বলার পর এবার আরও তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে ফোনালাপ করেছেন যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
বিষয়টি যশোরের রাজনৈতিক অঙ্গনে সৌজন্যবোধের অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষ হওয়ার পর অমিত প্রথমে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদেরের সঙ্গে কথা বলেন।
এরপর তিনি পৃথকভাবে যোগাযোগ করেন হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মুহাম্মদ শোয়াইব হোসেন, চশমা প্রতীকের জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র প্রার্থী নিজামুদ্দিন অমিত এবং কাস্তে প্রতীকের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-র প্রার্থী মো. রাশেদ খানের সঙ্গে।
ফোনালাপে সকলেই একমত পোষণ করেন যে রাজনৈতিক পথ, মত ও আদর্শে ভিন্নতা থাকা স্বাভাবিক। তবে যশোরের সাধারণ মানুষের উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে তাদের মধ্যে কোনো মতভেদ নেই। অনিন্দ্য ইসলাম অমিত জানান, আগামী দিনে পারস্পরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শের ভিত্তিতে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।
পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ অটুট রাখার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে হলে রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং প্রতিহিংসামুক্ত সুস্থ ধারার চর্চার কোনো বিকল্প নেই।
বিআলো/আমিনা



