কাপ্তাইয়ে ছাদে সাইকেল চালাতে গিয়ে পড়ে শিশু আহত
আবদুল হাই খোকন : রাঙামাটির কাপ্তাই উপজেলায় দোতলা ভবনের ছাদ থেকে পড়ে সিনান (৪) নামে এক শিশু আহত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত সিনান নতুন বাজারের সোনিয়া ক্লথ স্টোরের মালিক মো. খোরশেদ আলমের নাতি। ঘটনার সময় সে বাড়ির ছাদে সাইকেল চালাচ্ছিল। ছাদে কোনো নিরাপত্তা রেলিং না থাকায় অসাবধানতাবশত হঠাৎ নিচে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, ছাদে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। শিশুদের নিরাপত্তায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবন নির্মাণে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
বিআলো/আমিনা



