কারো উস্কানির ফাঁদে পড়ে বিশৃঙ্খলার সুযোগ দেবেন না, সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিন: নূর
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষা ও রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নুরুল হক নূর। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদ–এর সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা নূরুল হক নূর পেয়েছেন ৯৭ হাজার ৩২৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বিদ্রোহী হিসেবে বহিষ্কৃত মো. হাসান মামুন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৩৬১ ভোট।
নির্বাচিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল হক নূর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, একজন মজলুম মানুষ হিসেবে তিনি সবসময় প্রতিশোধ, প্রতিহিংসা, হানাহানি ও সহিংসতার রাজনীতিকে ঘৃণা করেন।
তিনি ট্রাক মার্কার সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা কারো উস্কানির ফাঁদে পড়ে এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেবেন না। সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিন।
নূরুল হক নূর আরও বলেন, এখন সবার একমাত্র লক্ষ্য হওয়া উচিত দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা। তাঁর ভাষায়, ঐক্য, সম্প্রীতি ও সমৃদ্ধির নতুন গলাচিপা-দশমিনা গড়াই আমাদের অঙ্গীকার।
শেষে তিনি মহান আল্লাহর সহায়তা কামনা করেন।
বিআলো/এফএইচএস



