কালো টাকা ব্যবহার ও গুজব ছড়ানোর অভিযোগ
মধুপুরে স্বতন্ত্র ও জামায়াত প্রার্থীর বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
আব্দুল মোমিন, মধুপুর (টাঙ্গাইল) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মধুপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী কর্নেল আসাদুল ইসলাম আজাদের নেতাকর্মীরা ভোটারদের মাঝে কালো টাকা বিতরণ করে নির্বাচনী প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুজব ও মিথ্যা অভিযোগ ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন।
এতে নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিআলো/আমিনা



