গণভোটে সংস্কারের পক্ষে স্পষ্ট জনরায়: আলী রীয়াজ
বিআলো প্রতিবেদক: গণভোটে বিপুল ‘হ্যাঁ’ ভোট প্রমাণ করে জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার প্রস্তাবের পক্ষে নাগরিকরা দ্বিধাহীন সমর্থন জানিয়েছেন। জনগণের বড় অংশ পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না, তারা পরিবর্তন প্রত্যাশা করছে।
নির্বাচন কমিশনের তথ্য উল্লেখ করে তিনি জানান, ১২ ফেব্রুয়ারির গণভোটে অংশ নেন ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার, যা মোট ভোটারের প্রায় ৬০.৮৪ শতাংশ। এর মধ্যে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন ‘হ্যাঁ’ ভোট দেন (৬৮.০৬ শতাংশ) এবং ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন ‘না’ ভোট দেন (প্রায় ৩১ শতাংশ)। অংশগ্রহণের হার সংসদ নির্বাচনের তুলনায় এক শতাংশেরও বেশি ছিল।
আলী রীয়াজ বলেন, এই ফল কেবল পরিসংখ্যান নয়; এটি ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানে আত্মদানকারী ও আন্দোলনে অংশ নেওয়া মানুষের প্রত্যাশার প্রতিফলন। জনগণের সম্মতিই যে পরিবর্তনের বৈধতা দেয়, এই গণভোট তারই প্রকাশ যোগ করেন তিনি।
বিআলো/শিলি



