গাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক ডেস্ক: গাজার পশ্চিমাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় ধ্বংস হওয়া একটি বাড়ির নিচ থেকে একই পরিবারের ৩০ জনের মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স।
ফিলিস্তিনের গাজা সিটির পশ্চিম অংশে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচ থেকে একই পরিবারের ৩০ জন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতরা সালেম পরিবারের সদস্য।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের ১৯ ডিসেম্বর আল-রিমাল এলাকায় সালেম পরিবারের বাড়িতে ইসরাইলি বিমান হামলা চালানো হয়। ওই হামলায় পরিবারটির প্রায় ৬০ জন সদস্য নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সিভিল ডিফেন্স জানায়, এটি তাদের সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম ধাপ। ইসরাইলি হামলায় গাজাজুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো মানুষের সন্ধানই এই অভিযানের মূল লক্ষ্য।
সীমিত সরঞ্জাম, যার মধ্যে একটি মাত্র এক্সকাভেটর রয়েছে, ব্যবহার করে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা ইসরাইলি বাহিনীর দখলে রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭১ হাজার মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু।
বিআলো/শিলি



