গাজীপুরে শান্তিপূর্ণ ভোটে ১৮ হাজার ফোর্স মোতায়েন
গাজীপুর প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও অবাধভাবে সম্পন্ন করতে গাজীপুরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ইতোমধ্যে পুলিশ, সেনাবাহিনী, আনসার, বিজিবি ও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ১৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, এলাকায় এলাকায় এবং বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচনি সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দলে দলে দায়িত্বস্থলে উপস্থিত হয়েছেন। গাজীপুরে পোস্টাল ভোটের ৫টিসহ মোট ৯৪০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
পোস্টাল ভোট কেন্দ্র বাদে ৯৩৫টি কেন্দ্রের মধ্যে ৫৪৪টি গুরুত্বপূর্ণ ও ৩৯১টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। কেন্দ্রের বাইরে থাকবে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স।
এছাড়া র্যাব ও সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্সও মাঠে থাকবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় ৪ হাজার ৬৪৬ জন পুলিশ সদস্য, প্রায় ১ হাজার ২০০ জন সেনা সদস্য, প্রায় ৩০০ জন বিজিবি ও র্যাব সদস্যসহ মোট প্রায় সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনি দায়িত্বে রয়েছেন। আনসার সদস্যদের সঙ্গে থাকবে সুরক্ষা অ্যাপ আর পুলিশের সদস্যরা ব্যবহার করবেন বডি-অন ক্যামেরা।
সিসিটিভির মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় থেকে প্রতিটি কেন্দ্রের পরিস্থিতি সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হবে। এছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তার মিলনায়তন ও প্রতিটি উপজেলা কার্যালয়ে সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। নির্বাচনি পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৫টি জুডিশিয়াল ইনকোয়ারি টিম মাঠে কাজ করছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের ৫টি সংসদীয় আসনে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন। এর মধ্যে ৪৪০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে পুলিশ।
বিআলো/আমিনা



