• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গাজীপুর-৩ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস 

     dailybangla 
    09th Feb 2026 8:37 pm  |  অনলাইন সংস্করণ

    শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর-৩ সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ধীরে ধীরে নির্বাচনী পরিবেশ তৈরি হলেও ভোটারদের মধ্যে এখনও স্পষ্ট অবস্থান দেখা যাচ্ছে না। বিএনপি, স্বতন্ত্র প্রার্থী এবং জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদিঘাট বাজারে গিয়ে কিছুটা নির্বাচনী উত্তাপ দেখা গেলেও বেশিরভাগ ভোটারই নিজেদের অবস্থান প্রকাশ করতে চাননি। স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, শুরুতে বিএনপির জয় সহজ হবে বলে ধারণা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে স্বতন্ত্র ও জোট প্রার্থীরাও শক্ত অবস্থান তৈরি করছেন। প্রহ্লাদপুর ইউনিয়নের বাঁশকোপা বাজারে তুলনামূলক কম নির্বাচনী তৎপরতা দেখা গেছে।

    সেখানে প্রার্থীদের ব্যানার-পোস্টার থাকলেও ভোটারদের আগ্রহ খুব বেশি চোখে পড়েনি। অনেকে ভোট দেওয়া নিয়ে দ্বিধায় রয়েছেন। শ্রীপুর উপজেলা ও সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর-৩ আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

    স্বাধীনতার পর এই আসনে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দল জয়ী হতে পারেনি। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকায় ভোটের সমীকরণ বদলে গেছে। স্থানীয়দের মতে, আওয়ামী লীগ সমর্থকদের ভোটের সিদ্ধান্তই নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। অনেক সমর্থক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন।

    বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আসনটিতে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দলও নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু (ধানের শীষ) প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন।

    তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন (ঘোড়া) শিল্পাঞ্চলভিত্তিক এই আসনে নারীর নিরাপত্তা ও সামাজিক পরিবর্তনের কথা তুলে ধরছেন। তিনি নিরপেক্ষ ভোটগ্রহণের দাবি জানিয়েছেন। ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ এহসানুল হক (রিকশা) পরিবর্তনের প্রত্যাশার কথা উল্লেখ করে ভোটারদের সমর্থন কামনা করেছেন।

    জামায়াতে ইসলামীর প্রার্থী ড. জাহাঙ্গীর আলম মনোনয়ন প্রত্যাহার করে তাকে সমর্থন দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা আলমগীর হোসাইন (হাতপাখা) মাদকমুক্ত সমাজ গঠন ও জমি সংক্রান্ত জটিলতা নিরসনের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন।

    শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, গাজীপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ২৭ হাজার ৩৬৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬০ হাজার ১৯০, নারী ২ লাখ ৬৭ হাজার ১৬৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। এই আসনে মোট ভোটকেন্দ্র ১৮০টি এবং ভোটকক্ষ ৯৮৯টি। সব মিলিয়ে ভোটারদের প্রত্যাশা সহিংসতা ও অস্থিরতা পেছনে ফেলে শান্তি, উন্নয়ন ও কর্মসংস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করা। নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা বাড়লেও সাধারণ ভোটাররা এখনও নীরব পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728