গুলিবিদ্ধ হয়েও থামেননি: বন্ডাই বিচের নায়ক আহমেদ
আর্ন্তজাতিক ডেস্ক: সিডনির বন্ডাই বিচে বন্দুক হামলার সময় হামলাকারীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া যে ব্যক্তি বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন, তার নাম প্রকাশ করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। তিনি ৪৩ বছর বয়সী আহমেদ আল আহমেদ।
অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলার সময় এক হামলাকারীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে বহু মানুষের জীবন বাঁচানো ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে। তিনি আহমেদ আল আহমেদ (৪৩), একজন ফলের দোকান মালিক ও দুই সন্তানের জনক।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি পদচারী সেতুর কাছে গুলি চালানো এক হামলাকারীর দিকে সাহসিকতার সঙ্গে এগিয়ে যান আহমেদ। তিনি হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে সেটি তার দিকেই তাক করেন এবং তাকে পিছু হটতে বাধ্য করেন। পরে পুলিশকে বিভ্রান্তি এড়াতে তিনি এক হাত উঁচু করে দাঁড়িয়ে থাকেন।
এই সাহসী পদক্ষেপ নিতে গিয়ে আহমেদের হাতে ও বাহুতে একাধিক গুলি লাগে। বর্তমানে তিনি সিডনির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অস্ত্রোপচার করা হয়েছে বলে তার পরিবার জানিয়েছে।
রোববার রাতে সংঘটিত এই হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হন। হামলার সময় সেখানে হানুকাহ উৎসব উপলক্ষে এক হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন। পুলিশ এটিকে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে।
আহমেদের পরিবার ও স্বজনরা তার সাহসিকতায় গর্বিত। তার বাবা মোহামেদ ফাতাহ ও মা মালাকেহ হাসান বলেন, “মানুষ বিপদে পড়লে আমাদের ছেলে জাতি বা ধর্ম দেখেনি- সে শুধু মানুষকে বাঁচাতে চেয়েছে।”
সিরিয়ার ইদলিবে বেড়ে ওঠা আহমেদ ২০০৬ সালে অস্ট্রেলিয়ায় আসেন। কয়েক মাস আগে তার বাবা-মা সিরিয়া থেকে সিডনিতে যোগ দেন।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স ও প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আহমেদের সাহসিকতার প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে ‘অসাধারণ সাহসী’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। সূত্র: বিবিসি বাংলা
বিআলো/শিলি



