চট্টগ্রাম-৮ এ প্রার্থিতা প্রত্যাহার না করায় আনোয়ারায় জামায়াতের পাশে থাকবে না এনসিপি
কে ডি পিন্টু, চট্টগ্রাম দক্ষিণ : চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চাদগাঁও) আসনে জোটের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনের মাঠে প্রার্থী রাখার কারণে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণা স্থগিত করার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছে এনসিপি।
গত শনিবার বিকেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক বলেন, চট্টগ্রাম-৮ আসনে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি থেকে জুবাইরুল হাসান আরিফকে প্রার্থী নির্বাচন করার পরও রহস্যজনকভাবে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাসের জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাসের এনসিপি প্রার্থীকে সমর্থন করে প্রকাশ্যে ঘোষণা দেয়ার পরও নির্বাচনের মাঠ থেকে সরে না যাওয়ায় চট্টগ্রাম-১৩ আসনে এনসিপি বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থীর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। শনিবার থেকে জামায়াতের পক্ষে সব ধরনের প্রচার-প্রচারণা স্থগিত এর ঘোষণা দেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মো. সাজ্জাদ, সদস্য ইরফান মাহমুদ, মো. আকাশ নুর, জহির উদ্দিন চৌধুরী হিমেল, আনোয়ারা উপজেলার যুগ্ম সমন্বয়কারী মো. দেলওয়ার হোসেন ও আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ জাফর ইসলাম চৌধুরী।
বিআলো/আমিনা



