চরফ্যাশনে হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে জনসমুদ্রে রূপ নিল বিশাল নির্বাচনী জনসভা
মুশফিক হাওলাদার, ভোলা দক্ষিণ: ভোলার চরফ্যাশনের শশিভূষণ বাজারে হাতপাখা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ শশিভূষণ থানা শাখার উদ্যোগে আয়োজিত এ জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন–মনপুরা আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের মানুষ আজ পরিবর্তন চায়। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বিকল্প শক্তি হিসেবে মানুষের আস্থা অর্জন করেছে। হাতপাখা প্রতীকের বিজয়ের মধ্য দিয়েই ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ শশিভূষণ থানা শাখার সভাপতি মাওলানা মো. ছালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার প্রধান উপদেষ্টা মো. আলাউদ্দিন তালুকদার, ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মো. মুফতি নূরউদ্দিন, দক্ষিণ শাখার সেক্রেটারি মো. আব্বাছ উদ্দিন এবং আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সের পরিচালক মো. ফখরুদ্দিন রাজী।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, চরফ্যাশন ও মনপুরার মানুষের অধিকার রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আপসহীন ভূমিকা পালন করে আসছে। জনগণের ভোট ও সমর্থন নিয়ে সংসদে যেতে পারলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
জনসভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পুরো জনসভাজুড়ে হাতপাখা প্রতীকের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে শশিভূষণ বাজার এলাকা।
বিআলো/তুরাগ



