চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে অবহিতকরণ সভা
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী ও দরিদ্র জনগোষ্ঠীর ওপর। এসব ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা জোরদার, স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি।
এ সময় প্রধান অতিথি জলবায়ু সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা, রোগ প্রতিরোধে টিকাদান ও পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত রোগ সম্পর্কে জনগণকে অবহিত করার ওপর আলোকপাত করেন।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলের সভাপতিত্বে যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মালিহা আফছার,
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. বিউটি রানী সরকার, ব্র্যাক জেলা প্রতিনিধি জিয়াউর রহমান, ব্র্যাক প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, ব্রাক রিজিওনাল ম্যানেজার (জিজেডি) সেলিম মোল্লা, প্রোগ্রাম অফিসার (বিএইচপি) শাহরিয়ার সিদ্দিক। সভায় স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বিআলো/আমিনা



