চীনে বায়োটেক কারখানায় বিস্ফোরণে নিহত ৮
dailybangla
09th Feb 2026 10:36 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি বায়োটেক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শনিবার সকালে শুয়াংয়ে এলাকায় অবস্থিত জিয়াপেং বায়োটেকনোলজি নামের একটি ছোট প্রতিষ্ঠানে বিস্ফোরণটি ঘটে। ঘটনার পর কারখানা এলাকা থেকে ঘন হলুদ ধোঁয়া উঠতে দেখা যায়।
দুর্ঘটনার পর কোম্পানিটির আইনগত প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত নয়।
রয়টার্স জানায়, প্রতিষ্ঠানটির কোনো ওয়েবসাইট নেই এবং তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ২০২৫ সালের জুনে প্রতিষ্ঠিত এই কোম্পানি প্রাণিখাদ্য, কয়লাজাত পণ্য ও নির্মাণ সামগ্রী নিয়ে গবেষণা করত।
বিআলো/শিলি



