জাকির এন্টারপ্রাইজের ক্ষতিপূরণের দাবি
রাজশাহীর থিম ওমর প্লাজা পরিচালনা নিয়ে বিরোধের বিষয়ে সংবাদ সম্মেলন
রাজীব আলী, রাজশাহী : রাজশাহীর থিম ওমর প্লাজা পরিচালনা নিয়ে চলমান বিরোধের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে মেসার্স জাকির এন্টারপ্রাইজ। লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটি জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট প্লাজার চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সঙ্গে ২৫ বছরের জন্য পরিচালনা সংক্রান্ত একটি আম-মোক্তারনামা চুক্তি সম্পাদিত হয় যার বিপরীতে ৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে বলে দাবি করা হয়।
গত ৫ জানুয়ারি প্লাজার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক ও সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে থিম রিয়েল এস্টেটের পক্ষ থেকে মামলা দায়ের করায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ করা হয়।
জাকির এন্টারপ্রাইজের দাবি, যেখানে স্বয়ং চেয়ারম্যান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মার্কেট পরিচালনায় আপত্তি নেই বলে জানিয়েছেন, সেখানে মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত। এ বিষয়ে পুনরায় স্থানীয় জনপ্রতিনিধিদের শরণাপন্ন হলে ৭ ফেব্রুয়ারি পুনরায় রবিউল আলম মিলু ও মাইনুল ইসলাম হারুর উপস্থিতিতে দ্বিপাক্ষিক এক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের পর থীম রিয়েল এস্টেট নিজেদের অপরাধ স্বীকার করে কার্যক্রম বন্ধ করে চাবি হস্তান্তর করে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরবর্তীতে ৭ ও ৯ ফেব্রুয়ারি শোভন জামানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হলেও সমাধান আসেনি। জাকির এন্টারপ্রাইজের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ, দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বক্তব্য প্রত্যাহার না হলে কোনো সমাধান মেনে নেওয়া হবে না। সংবাদ সম্মেলনের শেষাংশে জাকির এন্টারপ্রাইজ জানায়, তারা সম্মান ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আইনানুগভাবে ব্যবসা পরিচালনা করতে বদ্ধপরিকর।
বিআলো/আমিনা



