ডিএসই’র পরিচালনা পরিষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান স্নেহাশীষ বড়ুয়ার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. (ডিএসই)-এর পরিচালনা পরিষদে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। দীর্ঘ ও বহুমাত্রিক পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন এই পরিচালক দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুপরিচিত ও সম্মানিত।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ডিএসই’র ১১০৯তম পরিষদের সভায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তাঁর নিয়োগ পূর্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্বীকৃতি প্রদান করেন।
স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ বাংলাদেশের একজন অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি আর্থিক ব্যবস্থাপনা, কর্পোরেট ফাইন্যান্স, অডিট ও অ্যাসিওরেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন, বাজেট প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও কর্পোরেট গভর্ন্যান্সে বহুমাত্রিক পেশাগত অভিজ্ঞতার অধিকারী।
তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ফেলো সদস্য (FCA) এবং হিসাবরক্ষণ প্রতিষ্ঠান স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং (এসএমএসি)-এর প্রতিষ্ঠাতা পার্টনার।
পেশাগত জীবনে স্নেহাশীষ বড়ুয়া বিভিন্ন স্বনামধন্য কর্পোরেট, আর্থিক ও পেশাদার প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণী দায়িত্ব পালন করেছেন। তিনি সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং (ইউএইচওয়াই ইন্টারন্যাশনাল)-এ পার্টনার এবং রহমান রহমান হক (কেপিএমজি ইন্টারন্যাশনাল)-এ সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, গ্রামীণফোন লিমিটেড ও রবি এক্সিয়াটা লিমিটেডে ইন্টারনাল অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি IFRS, US GAAP, কর্পোরেট গভর্ন্যান্স, ট্রান্সফার প্রাইসিং এবং টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিশেষায়িত অভিজ্ঞতা অর্জন করেছেন।
স্নেহাশীষ বড়ুয়া ২০২২ সালে গঠিত ITA 2023-এর রিভিউ কমিটির সদস্য এবং ২০২৫ সালে গঠিত জাতীয় করকাঠামো টাস্কফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাদার সেবার পাশাপাশি তিনি জাতীয় পর্যায়ে পেশাদার শিক্ষা ও নীতিপ্রণয়নে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি আইসিএবি-এর ফ্যাকাল্টি সদস্য ও ট্যাক্স ও ল কমিটির সদস্য, আইসিএইডব্লিউ-এর অনুমোদিত টিউটর এবং বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসেবে পেশাদার শিক্ষা ও নীতিপ্রণয়নে অংশগ্রহণ করছেন।
স্নেহাশীষ বড়ুয়া আইসিএবি থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (২০০৫) ও ফেলোশিপ (২০১০) এবং আইসিএইডব্লিউ থেকে অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (২০১৩) উপাধি অর্জন করেছেন। তিনি যুক্তরাজ্যের ক্যাপলান, থাইল্যান্ড ও ওমানের কেপিএমজি, সেভরন এবং আইবিএফডি-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বৈশ্বিক মানের জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন।
ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে বলেন, “স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দুই দশকেরও বেশি সময় ধরে অর্থনীতি, হিসাবনিরীক্ষণ ও কর্পোরেট নেতৃত্বে একজন সুপরিচিত ও সম্মানিত পেশাজীবী। তাঁর দীর্ঘ ও বহুমাত্রিক পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে তিনি আর্থিক ব্যবস্থাপনা, কর্পোরেট ফাইন্যান্স, অডিট এবং কর্পোরেট গভর্ন্যান্সে একটি সুদৃঢ় ও স্থায়ী অবস্থান তৈরি করেছেন। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা, আইএফআরএস এবং নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে গভীর জ্ঞান ও পেশাগত সততার কারণে তিনি একজন দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য পেশাদার হিসেবে পরিচিত।”
তিনি আরও বলেন, “ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বাস করে, একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে স্নেহাশীষ বড়ুয়ার দক্ষতা, অভিজ্ঞতা ও নীতিনিষ্ঠ নেতৃত্ব ডিএসই’র কার্যক্রমের পাশাপাশি দেশের পুঁজিবাজারে আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সুশাসন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিআলো/তুরাগ



