ঢাকা-১৬ আসনে ভোট কেনাবেচার অভিযোগ, ভোটারদের সতর্ক থাকার আহ্বান
টাকার প্রলোভনে ভোট না দেওয়ার অনুরোধ জানালেন বিএনপি প্রার্থী আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৬ আসনে ভোট কেনাবেচার অভিযোগ তুলে ভোটারদের টাকার বিনিময়ে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, ভোট জনগণের আমানত—কোনো ধরনের প্রলোভনে পড়ে এই আমানত নষ্ট করা উচিত নয়।
শুক্রবার সন্ধ্যায় প্রচারণার ১৬তম দিনে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধ ডি-ব্লক মডেল হাই স্কুলে সুশীল সমাজের আয়োজনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
আমিনুল হক অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এবং গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তিনি ভোটারদের সচেতন থাকার পাশাপাশি এসব অপচেষ্টার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের মাধ্যমেই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।
বাউনিয়াবাধ বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজী মো. আরশাদ আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার, মাহফুজ হুসাইন খান সুমন, আনোয়ার হোসেন এবং রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ছাড়াও এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আসন্ন নির্বাচন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
বিআলো/তুরাগ



