ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনী পথসভা
নির্বাচনী পথসভায় বৈষম্যের বিরুদ্ধে কড়া বার্তা
৫৯ নং ওয়ার্ডে ব্যাপক জনসমাগম, উন্নয়নের প্রতিশ্রুতি
মো. আশিকুর রহমান: ঢাকা-৪ আসনের ৫৯ নং ওয়ার্ডে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব মোহাম্মদবাগ সাততলা সংলগ্ন এলাকায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষ প্রতীকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আলহাজ্ব তানভীর আহমেদ রবিন।
পথসভায় বক্তৃতাকালে তানভীর আহমেদ রবিন বলেন, রাজধানীর ১৫টি সংসদীয় আসনের মধ্যে ঢাকা-৪ দীর্ঘদিন ধরে চরমভাবে অবহেলিত একটি আসন। তিনি উল্লেখ করেন, তার পিতা সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন সাহেবের সময়ে এই আসনে উন্নয়নের ছোঁয়া লেগেছিল। তবে বিগত প্রায় ১৮ বছর ধরে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এলাকাবাসী নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হওয়া সত্ত্বেও ঢাকা-৪ আসনের মানুষ আজও কাঙ্ক্ষিত নাগরিক সেবা পাচ্ছে না। অথচ নিয়মিতভাবে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল ও হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা হচ্ছে। এই দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটানো এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনী ইশতেহার তুলে ধরে তানভীর আহমেদ রবিন বলেন, নির্বাচিত হলে ঢাকা-৪ আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করা হবে। তিনি জলাবদ্ধতা নিরসন ও আধুনিক নিকাশী ব্যবস্থার উন্নয়ন, গ্যাস ও সুপেয় পানির নিরবচ্ছিন্ন সরবরাহ, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।পাশাপাশি খেলার মাঠ, সরকারি কমিউনিটি সেন্টার, কবরস্থান ও ঈদগাহ স্থাপনের প্রতিশ্রুতিও দেন তিনি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং কিশোর গ্যাং নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
সামাজিক উন্নয়নের বিষয়ে তানভীর আহমেদ রবিন বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নারী ও শিশুদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা জোরদার করা হবে।
বক্তব্যের শেষাংশে তিনি ঢাকা-৪ আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এলাকার মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে তাকে বিজয়ী করতে হবে। তিনি কথা নয়, কাজের মাধ্যমে এলাকাবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন, কদমতলী থানা বিএনপির আহ্বায়ক জনাব ফিরোজ আলম বাবু, ৫৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুব আলম কাজল, সাংগঠনিক সম্পাদক বাবুল পারভেজ বাবু, প্রবীণ নেতা বাবুল সাহেব, সাবেক ৮ নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব লুৎফর রহমান।
পথসভায় সভাপতিত্ব করেন ৫৯ নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম খোকন। তিনি তার বক্তব্যে বলেন, “বিগত সময়ে আমরা জেল-জুলুম, হামলা-মামলার শিকার হয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এই ওয়ার্ডে বিপুল ভোটে তানভীর আহমেদ রবিন সাহেবের গলায় বিজয়ের মালা পরিয়ে ঘরে ফিরব এবং ভোট কেন্দ্র পাহারা দেব।” তিনি সতর্ক করে বলেন, “যারা ধর্মের দোহাই দিয়ে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করছেন, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”
পথসভার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদবাগ ইউনিট সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান। তার দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
পথসভায় হাজার হাজার নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দলসহ সহযোগী অঙ্গসংগঠনগুলো বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়ে পথসভাকে সফল করে তোলেন।
বিআলো/তুরাগ



