• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তরের দাবি 

     dailybangla 
    08th Feb 2026 6:03 pm  |  অনলাইন সংস্করণ
    নারী মৈত্রীর মতবিনিময় সভায় পেশাজীবী নারীদের জোরালো আহ্বান

    তামাক থেকে বছরে ৪০ হাজার কোটি টাকা রাজস্ব মিললেও চিকিৎসা ব্যয় ও অকাল মৃত্যুর কারণে ক্ষতি ৮৭ হাজার কোটি টাকারও বেশি।

    নিজস্ব প্রতিবেদক: তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও, এটিকে সংসদে পাস করে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ—এমন মত দিয়েছেন বিভিন্ন পেশাজীবী নারী নেত্রী ও বিশেষজ্ঞরা।

    তাদের মতে, বাস্তব প্রয়োগ নিশ্চিত না হলে এই অধ্যাদেশ কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকে যাবে। সে কারণে আসন্ন সংসদের প্রথম অধিবেশনেই অধ্যাদেশটি পাস করে আইনে পরিণত করার দাবি জানানো হয়।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে নারী মৈত্রীর আয়োজনে ‘তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ ও পরবর্তী করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় নারী ফোরামসমূহের প্রতিনিধিরা এসব মতামত তুলে ধরেন।

    নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) শেখ মোমেনা মনি। বিশেষ অতিথি ছিলেন বিসিআইসি’র সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান।

    সভায় জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টোব্যাকো এটলাস ২০২৫ অনুযায়ী বাংলাদেশে প্রায় ২ কোটি ১৩ লক্ষের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ (১৫ বছর বা তদূর্ধ্ব) তামাক ব্যবহার করে। তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর মারা যায় প্রায় ২ লক্ষ মানুষ, যা দৈনিক গড়ে ৫৪৫ জনেরও বেশি। একই সঙ্গে তামাক ব্যবহারের ফলে বছরে প্রায় ৩৯.২ হাজার কোটি টাকা অর্থনৈতিক ক্ষতি হয়। বক্তারা একে একটি ‘তামাক মহামারী’ হিসেবে অভিহিত করেন।

    এই প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে (২৪ ডিসেম্বর ২০২৫) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের বিষয়টি সভায় তুলে ধরা হয়।

    অনুমোদিত অধ্যাদেশে ইমার্জিং টোব্যাকো প্রডাক্টসের উৎপাদন, ব্যবহার ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ‘তামাকজাত দ্রব্য’-এর সংজ্ঞায় নিকোটিন পাউচ অন্তর্ভুক্ত করা হয়েছে।

    পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপানের পাশাপাশি সব ধরনের তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ধূমপানের জন্য নির্ধারিত স্থান রাখার বিধান সরকারের নির্দেশনার শর্তাধীন করা হয়েছে। এছাড়া পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণের সংজ্ঞা ও পরিসর সম্প্রসারণ, বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধকরণ, ইন্টারনেটসহ সব মাধ্যমে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ এবং প্যাকেটে স্বাস্থ্য সতর্কবাণী ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার বিধান যুক্ত করা হয়েছে।

    সভায় স্বাগত বক্তব্যে শাহীন আকতার ডলি বলেন, তামাকের ক্ষতি শুধু ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকিতেই সীমাবদ্ধ নয়; এটি পরিবার, সমাজ ও জাতীয় অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলে। তিনি জানান, বাংলাদেশে নারীদের মধ্যে ১১ শতাংশেরও বেশি নারী তামাকজনিত রোগে মৃত্যুবরণ করে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সংশোধিত অধ্যাদেশ জারির জন্য তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান এবং এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষার আশাবাদ ব্যক্ত করেন।

    প্রধান অতিথির বক্তব্যে শেখ মোমেনা মনি বলেন, তামাক খাত থেকে সরকার বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা রাজস্ব পেলেও চিকিৎসা ব্যয়, কর্মক্ষমতা হ্রাস ও অকাল মৃত্যুর কারণে ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৮৭ হাজার কোটি টাকারও বেশি। এই ক্ষতি কমাতে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ অনুমোদন করেছে।

    তিনি বলেন, পরবর্তী নির্বাচিত সরকারও যদি এই অবস্থান অব্যাহত রাখে, তবে সংসদে আইনটি পাস হতে কোনো বাধা থাকবে না। এজন্য রাজনৈতিক দলগুলোকেও এই আইনের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিতে হবে।

    বিশেষ অতিথি মো. মোস্তাফিজুর রহমান বলেন, সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশনেই অধ্যাদেশটি পাস করে আইনে রূপান্তর করতে হবে। এজন্য এটিকে একটি জনদাবীতে পরিণত করতে ব্যাপক জনসমর্থন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

    মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন নারী মৈত্রী মাদার্স ফোরামের আহ্বায়ক শিবানী ভট্টাচার্য, টিচার্স ফোরামের আহ্বায়ক ড. খালেদা ইসলাম, ইয়ূথ অ্যাডভোকেট রাইসুল ইসলাম ও শাহরীন ফেরদৌস।

    বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের কার্যকর বাস্তবায়ন ও এটিকে আইনে পরিণত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ এখন সময়ের দাবি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728