তারেক রহমান ক্ষমতায় এলে ছাত্রদের জন্য ফ্রি ওয়াইফাই: আব্দুস সালাম
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় এলে সারাদেশের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাইসহ প্রয়োজনীয় সব ধরনের ডিজিটাল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
রোববার রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আয়োজিত ডিজিটাল ওয়াইফাই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, ছাত্রদল নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা-১৭ এলাকার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জুলাই শহীদদের স্মরণে একটি ডিজিটাল স্মৃতিস্তম্ভ স্থাপন অনুষ্ঠানও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন। এতে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের নির্বাচনী কার্যক্রমের যুগ্ম সমন্বয়ক ডা. ফরহাদ হালিম ডোনার, কৃষিবিদ শামীম রহমান শামীম, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ, অধ্যাপক আলেয়া আক্তার, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক মনিরুজ্জামান এবং ফ্রি পাবলিক ওয়াইফাই জোনের সমন্বয়ক সাব্বির হোসেন সাব্বির।
আব্দুস সালাম বলেন, বর্তমান বিশ্ব ডিজিটাল প্রযুক্তিনির্ভর। এই যুগে শিক্ষার্থীদের অ্যানালগ ব্যবস্থায় আটকে রেখে এগিয়ে নেওয়া সম্ভব নয়। ইন্টারনেট ও ডিজিটাল ওয়াইফাইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের সঙ্গে সংযুক্ত হতে পারে। কিন্তু দেশের আর্থ-সামাজিক বাস্তবতায় শিক্ষার্থীদের বড় একটি অংশ আর্থিক সংকটে ভোগে। সেই বিষয়টি বিবেচনায় রেখেই তারেক রহমান শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবার উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, এই ওয়াইফাই সেবা কোনো নির্দিষ্ট সংগঠন বা গোষ্ঠীর জন্য নয়। সকল ধর্ম, বর্ণ ও মতের শিক্ষার্থীরা সমানভাবে এই সেবা গ্রহণ করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই তথ্যপ্রযুক্তির সুবিধা পাবে, দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সৃষ্টি হবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও তারা এগিয়ে যাবে।
জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন ও বিপ্লব সংঘটিত হয়েছে সাধারণ মানুষের, বিশেষ করে ছাত্রসমাজের রক্ত ও ত্যাগের বিনিময়ে। কিন্তু একটি বিশেষ গোষ্ঠী এই অর্জনকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে। এ বিষয়ে ছাত্রসমাজকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আব্দুস সালাম বলেন, দেশের মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ ছাত্র ও তরুণ সমাজ। শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্ন, ইতিবাচক ও মানবিক রাজনীতির চর্চা গড়ে তুলতে হবে। অপরাজনীতি ও অপরাধনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জোর করে ভালোবাসা আদায় করা যায় না।
তিনি আরও বলেন, বিএনপি সকল ধর্মের সহাবস্থান ও নারী-পুরুষের সমান অধিকার বিশ্বাস করে। শিক্ষার্থীরা যে ধর্ম বা মতেরই হোক না কেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান দেশের স্বার্থে যে ত্যাগ ও অবদান রেখেছেন, তা ছাত্রসমাজের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক আবু হুজাইফা রকি, রিমা হোসেন, নূর হোসেন রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ



