ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড মোতায়েন
দক্ষিণ জোনে ১১৫ ভোটকেন্দ্রে বিশেষ গোয়েন্দা ও ড্রোন নজরদারি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন রয়েছে।
রবিবার ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত টহল, আইনশৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন ধরনের অভিযানের মাধ্যমে কোস্ট গার্ড উপকূলবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। এ লক্ষ্যে গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে, যা আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী চলমান থাকবে। এই সময় কোস্ট গার্ড তাদের দায়িত্বাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকার ভোটকেন্দ্রসমূহে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন ভোলা সদর, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরা, মেহেন্দিগঞ্জ, হাতিয়া, বাউফল, রাঙ্গাবালী, কলাপাড়া ও রামগতি উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহে অবস্থিত মোট ১১৫টি ভোটকেন্দ্রে বিশেষ গোয়েন্দা নজরদারি ও ড্রোন সার্ভিলেন্স, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, একটি জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করেছে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
এছাড়াও, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে কোস্ট গার্ড দক্ষিণ জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে-ইনশা আল্লাহ।
এ সময় ব্রিফিং প্রদান করেন ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন (সি), এএফডব্লিউসি, পিএসসি, বিএন—জোনাল কমান্ডার, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।
বিআলো/এফএইচএস



