থানায় লিখিত অভিযোগ দায়ের শ্রীপুরে জমি দখলের অভিযোগ
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে দিনে দুপুরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জয়নাল আবেদীনের প্রায় কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জয়নাল আবেদীন শ্রীপুর থানায় লিখিত অভিযোগে জানান, প্রায় ১৯ বছর আগে বৈধ দলিলের মাধ্যমে ৬.৭৩ শতাংশ জমি ক্রয় করে সেখানে তিনতলা বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে ওই জমি দখলের হুমকি দিয়ে আসছিল প্রতিপক্ষ।
ঘটনার দিন শামীম আহমেদের নেতৃত্বে অজ্ঞাত ৭০ জন তার জমিতে টিনের বেড়া দিয়ে জবরদখল করে নেয় এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয়। এর আগে নিরাপত্তার আশঙ্কায় তিনি থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।
অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (অনারারী ল্যাফটেনেন্ট) জয়নাল আবেদীন উল্লেখ করেন, প্রায় ১৯ বছর আগে ৭নং কেওয়া মৌজার এসএ-৮, আরএস- ৯৫৮ নং খতিয়ানে সাবেক ৬৪৪ আরএস-৬১২৭, ৬১২৫, ৬১২৬ নং দাগে সাফ কবলা দলিল মূলে ৬.৭৩ শতাংশ জমি ক্রয় করেন।
ওই জমিতে তিনি তিন তলা বাড়ি নির্মাণ করে ভোগ দখল করিয়া আসছি। আমার বাড়ির পূর্ব পাশে আরএস ৬১২৭ নং দাগের জমি অভিযুক্তরা অন্যায়ভাবে দখল করার জন্য দীর্ঘদিন যাবত হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা এবং জমি দখল চেষ্টা থেকে রক্ষার জন্য গত ২২ জানুয়ারি শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
অভিযুক্ত শামীম আহমেদ জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি তার বৈধ মালিকানাধীন এবং স্থানীয়ভাবে বিষয়টি সালিশে নিষ্পত্তি হয়েছে। শ্রীপুর থানার পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে জমি দখলের সত্যতা পাওয়া গেছে। তবে বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত হওয়ায় উভয় পক্ষকে আইনি পথে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।
বিআলো/আমিনা



