দখলকৃত আবাদি জমি উদ্ধারের দাবিতে জামালপুরে সংবাদ সম্মেলন
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় জোরপূর্বক দখলকৃত আবাদি জমি ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক পরিবার। গত শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে সিংহজানি স্কুল রোডে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য মো. ছারোয়ার হোসেন সুজন অভিযোগ করেন, প্রভাবশালী কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের ওয়ারিশসূত্রে প্রাপ্ত প্রায় ৪৩৭ শতাংশ আবাদি জমি অবৈধভাবে দখল করে রেখেছেন। তিনি জানান, অভিযুক্তরা ভুয়া আমলনামা ও জাল কাগজপত্র তৈরি করে জমি দখলের চেষ্টা করছে যা ঐতিহাসিক সময়কাল ও রেভিনিউ স্ট্যাম্প যাচাইয়ে অসংগতিপূর্ণ।
ভুক্তভোগীরা আরও বলেন, জমি উদ্ধারের জন্য জামালপুর জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩২৫/২৫)। তবে মামলা চলমান থাকা অবস্থায় দখলদারদের পক্ষ থেকে নানা ধরনের হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন তারা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমি উদ্ধার এবং প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



