দায়িত্বশীল শিক্ষকতাই মানসম্মত উচ্চশিক্ষার ভিত্তি— বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বাউবির বিভিন্ন স্কুলের শিক্ষকদের অংশগ্রহণে “বৈশ্বিক স্বীকৃতির পথে অগ্রযাত্রা: বিশ্ববিদ্যালয়ের উচ্চতর র্যাংকিং অর্জনের কৌশল” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের শিক্ষক কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আউটকাম বেইসড এডুকেশন (OBE)-এর কোনো বিকল্প নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কারিকুলাম, শিক্ষকতা পদ্ধতি ও মূল্যায়ন ব্যবস্থা আধুনিক না করলে বিশ্ববিদ্যালয় ও গ্র্যাজুয়েটরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।
তিনি আরও বলেন, দায়িত্বশীল শিক্ষকতাই মানসম্মত উচ্চশিক্ষার ভিত্তি। প্রশিক্ষণ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং নিজেকে আরও পরিশীলিত ও যুগোপযোগী করে তোলার একটি ধারাবাহিক প্রক্রিয়া। ক্লাসরুমের বাইরে কোনো অর্জন দীর্ঘমেয়াদে টেকসই হয় না।
উপাচার্য উল্লেখ করেন, চতুর্থ শিল্পবিপ্লব ও আসন্ন পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিকুলামকে অবশ্যই জব মার্কেটের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। অন্যথায় গ্র্যাজুয়েটদের দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে বড় ধরনের ব্যবধান থেকেই যাবে।
তিনি বলেন, শিক্ষক হিসেবে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, পাঠদানের কৌশল উন্নয়ন, কারিকুলাম হালনাগাদ এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি।
আইকিউএসি শুধু শিক্ষক নয়, কর্মকর্তা-কর্মচারীদেরও প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনিক দক্ষতা, গবেষণা সক্ষমতা এবং সেবার মান উন্নয়নে কাজ করছে বলে জানান উপাচার্য। গবেষণা ও প্রকাশনা বৃদ্ধি, শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা এবং সময়মতো সেবা নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয়ের সুনাম ও আন্তর্জাতিক র্যাংকিং উন্নয়নের প্রধান শর্ত বলে তিনি মন্তব্য করেন।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ফারুক এম. শেখ।
তিনি বলেন, উন্নয়নের জন্য পাশ্চাত্যের শিক্ষামডেল হুবহু অনুকরণ না করে নিজস্ব বাস্তবতা ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তা প্রয়োগ করাই সবচেয়ে কার্যকর। উদাহরণ হিসেবে তিনি জাপানের কথা উল্লেখ করে বলেন, পশ্চিমা ধারণাকে নিজেদের সংস্কৃতির সঙ্গে যুক্ত করেই দেশটি দ্রুত অগ্রগতি অর্জন করেছে।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষার র্যাংকিং ব্যবস্থা মূলত প্রযুক্তি ও গুণগত মানের একটি সূচক, যা দুর্বলতা ও সম্ভাবনা চিহ্নিত করতে সহায়ক এবং সঠিকভাবে প্রয়োগ করলে উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রশিক্ষণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ। বাউবির সাতটি স্কুল থেকে মোট ৪০ জন শিক্ষক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
বিআলো/তুরাগ



