দুই আসনের ফল স্থগিত, তাই গণভোটের হার বেশি: ইসি
বিআলো ডেস্ক: সংসদ নির্বাচনের তুলনায় গণভোটে ভোটার উপস্থিতি বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আদালতের নির্দেশে দুটি সংসদীয় আসনের ফল স্থগিত থাকলেও সেখানে গণভোটের ভোট গণনায় যুক্ত হয়েছে- এ কারণেই গণভোটের হার তুলনামূলক বেশি দেখা যাচ্ছে।
শুক্রবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা করা হয়নি। বাকি ২৯৭ আসনের বেসরকারি ফলাফলে বিএনপি পেয়েছে ২০৯টি এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসন।
তিনি জানান, অন্যান্য দলের মধ্যে এনসিপি পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি ও গণসংহতি আন্দোলন একটি করে আসনে জয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।
ভোটের হার প্রসঙ্গে তিনি বলেন, সংসদ নির্বাচনে অংশগ্রহণ ছিল ৫৯.৪৪ শতাংশ, আর গণভোটে ৬০.২৬ শতাংশ। দুটি স্থগিত আসনের গণভোটের ভোট যোগ হওয়ায় এ পার্থক্য তৈরি হয়েছে।
গেজেট প্রকাশের বিষয়ে তিনি জানান, রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে চূড়ান্ত ফলাফলের হার্ড কপি পাওয়ার পর যাচাই শেষে দ্রুত গেজেট প্রকাশ করা হবে। গণমাধ্যমের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।
বিআলো/শিলি



