দুর্নীতিতে জিরো টলারেন্সের প্রতিশ্রুতি বিএনপির
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইশতেহার উপস্থাপন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স নীতি। তারেক রহমানের ভাষায়, এটি শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং একটি নতুন রাষ্ট্রীয় ও সামাজিক চুক্তি।
ইশতেহারে দুর্নীতি দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। কমিশন ও আইন সংস্কার, উন্মুক্ত দরপত্র, রিয়েল-টাইম অডিট, শক্তিশালী তথ্য অধিকার আইন এবং ডিজিটাল সেবা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।
ইশতেহারের নয়টি প্রধান অঙ্গীকারের মধ্যে রয়েছে- প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকের জন্য কৃষক কার্ড, স্বাস্থ্যখাতে এক লাখ কর্মী নিয়োগ, মূল্যবোধভিত্তিক শিক্ষা, তরুণদের কর্মসংস্থান, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, ধর্মীয় সম্প্রীতি এবং পেপাল চালুসহ ডিজিটাল অর্থনীতির বিস্তার।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
বিআলো/শিলি



