নবম পে স্কেল বাস্তবায়নের দাবি গৌরীপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল
আব্দুর রউফ দুদু, গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুরে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমান মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে গড়িমসি করছে যা কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করেছে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসের উচ্চমান সহকারী মো. এনামুল হক।
তিনি বলেন, আমরা মাঠ পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করি। কিন্তু ন্যায্য বেতন কাঠামো না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। গৌরীপুর সরকারি কলেজের প্রধান সহকারী মো. কামরুজ্জামান বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্রের চালিকাশক্তি। অথচ আমাদের ন্যায্য দাবি উপেক্ষিত।
দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মো. মাসুদ রানা বলেন, আমরা কারও বিরুদ্ধে নই। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার চাই। দ্রুত নবম পে স্কেল ঘোষণা না হলে কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মো. নুরুজ্জামান, যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মো. নোবেল, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী মো. ইদ্রিস আলী এবং উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মো. হুমায়ুন কবির।
বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে সরকার আন্তরিক না হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। বিক্ষোভ চলাকালে কর্মচারীরা বিভিন্ন স্লোগানে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও বক্তারা স্পষ্ট করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
বিআলো/আমিনা



