নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (নেপাব)-এর আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক: দেশের সংবাদপত্র শিল্পে সম্পাদক ও প্রকাশকদের যৌথ প্ল্যাটফর্ম হিসেবে নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (নেপাব) নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দৈনিক সমবাংলার সম্পাদক মান্নান মারুফের সভাপতিত্বে সম্পাদক-প্রকাশকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সংবাদপত্র খাতের বিদ্যমান সমস্যা, সংকট ও উত্তরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক বাঙলার জাগরণ-এর সম্পাদক প্রকাশক মহিনউদ্দিন চৌধুরী লিটন, দৈনিক আমার বাঙলা-এর সম্পাদক প্রকাশক এম এম রুহুল আমীন, দৈনিক আলোকিত-এর সম্পাদক প্রকাশক সৈয়দ নুরুল হুদা রনো, দৈনিক আলোর বার্তার সম্পাদক প্রকাশক রফিকউল্লাহ শিকদার, দৈনিক নাগরিক সংবাদ-এর সম্পাদক সুমন প্রামানিক, দৈনিক বাংলা ৭১-এর সম্পাদক প্রকাশক প্রবীর শিকদার, দৈনিক আজকের প্রভাত-এর সম্পাদক নেজামুল হক, দৈনিক আজকের পদ্মা-এর সম্পাদক প্রকাশক এম মোর্শেদ মজুমদার কাজল, দৈনিক দিনের আলো-এর সম্পাদক প্রকাশক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক বঙ্গ সংবাদ-এর সম্পাদক প্রকাশক ডা. মির্জা মহিবুল হাসান, দৈনিক প্রথম ডাক-এর সম্পাদক প্রকাশক এ কে এম গোলাম সরোয়ার, দৈনিক মানবতার কণ্ঠ-এর সম্পাদক প্রকাশক আফরোজা তালুকদার প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মান্নান মারুফকে আহ্বায়ক, এম এম রুহুল আমীন ও সৈয়দ নুরুল হুদা রনোকে যুগ্ম আহ্বায়ক, মহিনউদ্দিন চৌধুরী লিটনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়া সভায় উপস্থিত অন্যান্য সকল সম্পাদক ও প্রকাশককে সদস্য করে সংগঠনের প্রাথমিক কমিটি গঠন করা হয়।
নেপাব নেতৃবৃন্দ জানান, সংবাদপত্র শিল্পের স্বার্থরক্ষা, সম্পাদক-প্রকাশকদের অধিকার নিশ্চিতকরণ এবং পেশাগত ঐক্য গড়ে তুলতেই এই সংগঠন কাজ করবে।
বিআলো/তুরাগ



