নির্বাচনের ঢেউ শুঁটকিপল্লিতে ভোট দিতে চর ছাড়লেন ৮ সহস্রাধিক জেলে-মহাজন
বাগেরহাট প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুন্দরবনের দুবলার চরের শুঁটকিপল্লিতেও লেগেছে নির্বাচনের আমেজ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেশের সর্ববৃহৎ শুঁটকি উৎপাদন কেন্দ্র দুবলার চরের জেলে ও মহাজনরা সাগরে মাছ ধরা ও শুঁটকি উৎপাদনের কাজ সাময়িক বন্ধ রেখে নিজ নিজ এলাকায় ফিরে যাচ্ছেন।
এতে শুঁটকিপল্লির চারটি চর প্রায় জনশূন্য হয়ে পড়েছে। সুন্দরবন বিভাগের তথ্য অনুযায়ী, দুবলার চরের আওতাধীন আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়ীয়া ও শেলারচর—এই চারটি চরে ১০ সহস্রাধিক জেলে ও মহাজন অবস্থান করে বঙ্গোপসাগর ও সুন্দরবনের বিভিন্ন নদনদী থেকে মাছ ধরে শুঁটকি উৎপাদন করেন। নির্বাচন উপলক্ষে রবিবার থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ৮ সহস্রাধিক জেলে-মহাজন চর ছেড়ে নিজ নিজ এলাকায় চলে গেছেন।
শুঁটকিপল্লিতে অবস্থানরত জেলেদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও তালা উপজেলা, বাগেরহাটের মোংলা ও রামপাল এবং খুলনার ডুমুরিয়া, দাকোপ, পাইকগাছা ও কয়রা উপজেলায়। প্রতিবারের মতো এবারও ভোটাধিকার প্রয়োগের জন্য তারা আগেভাগেই চর ছেড়ে নিজ এলাকায় ফিরে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের ফরেস্টার মো. তানভির হাসান ইমরান জানান, সংসদ নির্বাচন ঘিরে শুঁটকিপল্লিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। তবে জেলে-মহাজনরা ভোট দিতে চলে যাওয়ায় চরগুলো এখন প্রায় জনশূন্য। তিনি বলেন, গত তিন দিনে বনবিভাগের অনুমতি নিয়ে ৮ সহস্রাধিক জেলে-মহাজন দুবলার চর ত্যাগ করেছেন। তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তায় বনবিভাগের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।
বিআলো/আমিনা



