পাকিস্তান সিরিজ দিয়েই সাকিবের ফেরাতে আশাবাদী বিসিবি
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে নতুন করে তৎপর হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের লক্ষ্য, আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এই অলরাউন্ডার।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশে ফেরেননি সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলার আগ্রহ থাকলেও নানা বাস্তবতায় সেটি সম্ভব হয়নি। এরপর পাকিস্তান ও ভারত সফরেও জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার।
বিসিবি সূত্রে জানা গেছে, সাকিবকে শুধুমাত্র বিদায়ী সিরিজ দেওয়ার পরিকল্পনা আপাতত নেই বোর্ডের। বরং তাকে নিয়মিতভাবে আবার দলে ফেরানোর দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যেন একটি সিরিজ দিয়েই তার অধ্যায় শেষ না হয়।
গণমাধ্যমে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, সাকিবের ফেরার বিষয়টি নিয়ে বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে। এ বিষয়ে বোর্ড সভাপতি সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি। বিসিবির আশা, মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই জাতীয় দলে ফিরতে পারবেন সাকিব।
সম্প্রতি বিডিক্রিকটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান নিজেও জানিয়েছেন, ভালোভাবে একটি সিরিজ খেলে অবসর নেওয়ার ইচ্ছা তার এখনও আছে। তার ভাষায়, সুন্দরভাবে মাঠ ছাড়তে পারলে সেটাই তার কাছে সবচেয়ে ভালো হবে।
২৪ জানুয়ারি অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর বিষয়টি নিশ্চিত করেন এবং সরকারকে অবহিত করার কথাও জানান।
সূচি অনুযায়ী, মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তান দলের।
বিআলো/শিলি



