পিরোজপুরে জামায়াত আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
পিরোজপুর প্রতিনিধি : আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান পিরোজপুরে আসছেন। তার এই সফর উপলক্ষে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) হোটেল নায়োরীতে আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমানের সফরের বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী,
পিরোজপুর-৩ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর জামায়াতের আমীর ইচাহাক আলী খান, খেলাফত মজলিশ পিরোজপুর জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানীসহ জেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যের শুরুতে অধ্যক্ষ ফরিদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের এবং চব্বিশের জুলাই-আগস্টে আত্মত্যাগকারী অকুতোভয় বীরদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দীর্ঘদিনের দুঃশাসন ও জুলুম-নিপীড়ন কাটিয়ে ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের যে নতুন স্বপ্ন দেশের মানুষ দেখছে, সেই প্রেক্ষাপটে জামায়াত আমীরের এই সফর পিরোজপুরের নেতা-কর্মীদের নতুন প্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, জামায়াত আমীর ডা. শফিকুর রহমান পিরোজপুরের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় দেশ গড়ার দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শুক্রবার পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমানসহ পিরোজপুরের তিনটি আসনের দলীয় প্রার্থীরা।
লিখিত বক্তব্যে জেলা জামায়াত আমীর আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা হলেন পিরোজপুর-১ আসনে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সন্তান মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনে শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী সমর্থিত এনসিপির প্রার্থী ডা. শামীম হামিদী।
তিনি বলেন, এসব প্রার্থীরা নির্বাচিত হলে পিরোজপুরকে একটি সমৃদ্ধ, আধুনিক ও কল্যাণভিত্তিক জেলা হিসেবে গড়ে তোলার রূপরেখা জনগণের সামনে তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ফরিদ বলেন, এই প্রতিশ্রুতি কেবল নির্বাচনী স্লোগান নয় বরং পিরোজপুরের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের দৃঢ় অঙ্গীকার। যে সমাজে জুলুম থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না থাকবে কেবল ইনসাফ ও উন্নয়ন।
বিআলো/আমিনা



