প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা চট্টগ্রামে শান্তিপূর্ণ নির্বাচনী প্রস্তুতি
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা। নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকে সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল আচরণ করায় নির্বাচনী পরিবেশ স্বস্তিদায়ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। জেলা প্রশাসক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম জেলায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ৪০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি দায়িত্বে রয়েছেন প্রায় ১১৫ জন জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাদের তত্ত্বাবধানে স্ট্রাইকিং ফোর্স নিয়মিত টহল ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি জানান, নিয়মিত তল্লাশি কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে কিছু অর্থ জব্দ করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রশাসনের লক্ষ্য শুধু ভোটগ্রহণ সম্পন্ন করা নয় বরং ভোটাররা যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন এবং নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করা। সীতাকুণ্ড ও রাউজানসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে।
চট্টগ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭০ জন। জেলার মোট ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
বিআলো/আমিনা



