বদলগাছীতে পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার
এ.বি.এস রতন, নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে একটি মুদির দোকানের পাশ থেকে সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার হওয়া সামগ্রী বোমা কি না তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি বোতল, ছোট কৌটা এবং বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে চারটি পেট্রোল বোমা সদৃশ বস্তু, একটি খালি বোতল ও আটটি ছোট কৌটা আছে। র্যাবের ডিএডি আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ছোট বস্তায় কার্টুনে মোড়ানো এসব সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে স্থানীয় মুদি দোকানি সম্পদ সরদার দাবি করেছেন, উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, আমি একজন কিডনি রোগী। এই ছোট দোকানের আয়েই কোনোমতে সংসার চলে। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে আমি কিছুই জানি না।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ছোট একটি বস্তার ভেতর থেকে চারটি বোতল, আটটি কৌটা ও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব, বিজিবি, এপিবিএন ও পুলিশ যৌথভাবে কাজ করছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
বিআলো/আমিনা



