বরগুনা-১ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই
বরগুনা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় বরগুনা-১ আসনে (বরগুনা সদর-আমতলী-তালতলী) নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। আওয়ামী লীগ প্রার্থী না থাকায় এ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে।
প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন পেতে জোর প্রচারণা চালাচ্ছেন। এ আসনে বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (হাতপাখা) প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন।
এছাড়া ১০ দলীয় জোটের অ্যাড. জাহাঙ্গীর হোসাইন ও জাতীয় পার্টি জেপির জামাল হোসাইনও প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আওয়ামী লীগের প্রার্থী না থাকায় তাদের সমর্থক ভোটাররা কাকে সমর্থন দেবেন সেটিই নির্বাচনের বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।
বরগুনা-১ আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে বরগুনা সদরে ২ লাখ ৪৭ হাজার ৫৯১, আমতলীতে ১ লাখ ৮৪ হাজার ৮৪৮ এবং তালতলীতে ৮৭ হাজার ২০ জন ভোটার রয়েছেন। পায়রা নদীর পূর্বপাড়ের আমতলী ও তালতলী উপজেলার ভোটারদের সমর্থন পেতে দুই প্রধান প্রার্থীই ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তরুণ ভোটারদের আকৃষ্ট করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, নারী ও তরুণ ভোটারদের একটি অংশ হাতপাখা প্রতীকের প্রতি আগ্রহ দেখালেও প্রকাশ্যে মত দিতে অনীহা রয়েছে। অন্যদিকে, কিছু ভোটার উন্নয়নের ধারাবাহিকতার কথা বিবেচনা করে ধানের শীষের পক্ষে মত দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তারা প্রকাশ্যে অবস্থান না নিলেও ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অনানুষ্ঠানিক জরিপে দেখা গেছে, বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লাকে প্রকাশ্যে ২৮ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে প্রকাশ্যে ও গোপনে প্রায় ৩০ জন সমর্থন জানিয়েছেন। বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা দাবি করেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, মানুষ পরিবর্তন চায় এবং হাতপাখার বিজয় নিশ্চিত হবে বলে তিনি বিশ্বাস করেন।
বিআলো/আমিনা



