বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার করছে গোবিন্দগঞ্জবাসী
তৌফিকুল ইসলাম মহন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের উত্তর ছয়ঘড়িয়া এলাকায় কাটাখালি নদীর ওপর স্থায়ী কোনো সেতু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বছরের পর বছর ধরে এলাকাবাসী নিজেদের উদ্যোগ ও স্বেচ্ছাশ্রমে নির্মিত একটি বাঁশের সাঁকোর ওপর নির্ভর করে নদী পারাপার করছেন।
প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে সাঁকোটি আরও বিপজ্জনক হয়ে ওঠে।
ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। স্থানীয়দের অভিযোগ, নদীর ওপারে রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের পথ। একটি স্থায়ী ব্রীজ না থাকায় কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা সেবা গ্রহণ এবং শিক্ষার্থীদের যাতায়াতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এলাকাবাসী দ্রুত কাটাখালি নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, ব্রিজ নির্মাণ হলে দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং এলাকার যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন তারা।
বিআলো/আমিনা



