বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
সত্যকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে: মনোয়ারা ভূইয়া
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি কনফারেন্স রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিসেস মনোয়ারা ভূইয়া। তিনি বলেন, “আমরা এসোসিয়েশন করতে এসে সব সময় সত্য কথা বলার চেষ্টা করব। মিথ্যার সাথে থাকবো না। সত্যকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে।” তিনি আরও বলেন, শিক্ষা ও সংগঠন পরিচালনায় নানা কথা ও সমালোচনা আসতেই পারে, তবে সেদিকে কান না দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়াই সঠিক পথ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকার। তিনি বলেন, “আমি সব সময় অ্যাসোসিয়েশনের জন্য কাজ করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আরও ভালোভাবে কাজ করে যেতে পারি এবং সব সময় সত্য কথা বলতে পারি।” তিনি সকল সদস্যের সহযোগিতা ও ঐক্যের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন। তিনি কিন্ডারগার্টেন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রাথমিক স্তরের সঠিক শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ডা. আব্দুল মাজেদ, ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সুভাষ চন্দ্র শিকদার এবং দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিপন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মুসা কালিমুল্লাহ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব মোঃ ফারুক হোসেন। এ ছাড়া কবিতা পাঠ করেন নোয়াখালী জেলা সেক্রেটারি ফারুক আহমেদ।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও বিতরণ করেন প্রধান অতিথি মিসেস মনোয়ারা ভূইয়া এবং বিশেষ অতিথিবৃন্দ। ফলাফল প্রকাশকে ঘিরে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিআলো/তুরাগ



