বাউফলে নির্বাচনী মিছিলকে ঘিরে সংঘর্ষ, আহত ২২
মো. তরিকুল ইসলাম (মোস্তফা), বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার সময় হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত রবিবার (৮ ফেব্রুয়ারি) খানকা বাজার এলাকায় দাড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণাকালে হামলায় নারী কর্মীসহ অন্তত ২২ জন আহত হন।
আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে; গুরুতর আহত একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাউফল মডেল থানার সামনে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানান। কর্মসূচিতে নেতৃত্ব দেন জামায়াত মনোনীত পটুয়াখালী-২ (বাউফল) আসনের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
এতে জামায়াত, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অবরোধ কর্মসূচিতে ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করে বলেন, একাধিকবার হামলার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সহিংসতা বেড়েই চলেছে। এতে নারী কর্মীরাও রেহাই পাচ্ছেন না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না। তিনি একটি বিশেষ দলের পক্ষ নিয়ে কাজ করছেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে তাকে দ্রুত প্রত্যাহার করতে হবে।
তিনি আরও বলেন, এই আসনের সাড়ে তিন লাখ মানুষের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, বাউফলের দায়িত্বপ্রাপ্ত আর্মি মেজর তানজিল, সার্কেল এসপি সাকুর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু উপস্থিত ছিলেন।
দায়িত্বপ্রাপ্ত আর্মি মেজর তানজিল বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাউফল উপজেলাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, প্রাপ্ত সব অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
সার্কেল এসপি সাকুর বলেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাউফল থানার সব কার্যক্রম আমার তত্ত্বাবধানে থাকবে। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
বিআলো/আমিনা



