বাউফলে মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে নারীদের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে সোমবার (৯ ফেব্রুয়ারি) মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাউফল সরকারি কলেজের সামনে সমাবেশে পরিণত হয়।
ডা. জাকিয়া ফারহানার নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভে এক পর্যায়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ যোগ দেন। সমাবেশে বক্তারা হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে মহিলা জামায়াতের নেত্রী ডা. জাকিয়া ফারহানা বলেন, আমরা নারীরা জুলাই বিপ্লবে অংশ নিয়েছি, অধিকার ও নিরাপত্তার কথা বলেছি।
অথচ কয়েক মাস না যেতেই মা-বোনদের ওপর এ ধরনের বর্বরতা চালানো হচ্ছে। চন্দ্রদ্বীপ, দাসপাড়া ও ধুলিয়ায় আমাদের হিজাব টেনে খুলে নেওয়া হয়েছে, বোরকা খুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এটি কেবল নারীদের নয় পুরো মানবতার ওপর হামলা। তিনি প্রশাসনের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বলেন, নিরাপত্তার নিশ্চয়তা নিয়েই আমরা ঘরে ফিরতে চাই।
আগামী ১২ তারিখ জনগণের উপযুক্ত জবাব দেবে। ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন মহিলা বিভাগের উপজেলা সেক্রেটারি হেদারা বেগম, সহকারী সেক্রেটারি ফেরদৌসী বেগম, কর্মপরিষদ সদস্য রাহিবে বেগম, আফরোজা বেগম, শাহনাজ বেগম ও খাদিজা বেগম। মহিলা নেতৃবৃন্দ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিআলো/আমিনা



