বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি : বিক্ষোভ মিছিলে নারীদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। সারাদেশে নারীদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ, বাগেরহাট-২ এর আয়োজনে কর্মসূচিতে বাগেরহাট মহিলা জামায়াতের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের খুলনা বিভাগীয় সেক্রেটারি মনিরা সাইদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ডা. মনোয়ারা আজাদ। এ সময় বক্তারা বলেন, দেশে নারীদের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে।
প্রতিনিয়ত নারী ও কন্যাশিশুরা সহিংসতা, নির্যাতন ও হেনস্তার শিকার হচ্ছে। অথচ এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। প্রধান অতিথির বক্তব্যে ডা. মনোয়ারা আজাদ বলেন, নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
কিন্তু বর্তমান ব্যবস্থায় নারীরা নিরাপদ নয়। অবিলম্বে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন ডা. আকলিমা পারভীন, জেসমিন সুলতানা, হাসিনা নার্গিস, রেশমা ইসলাম, নিলুফা ইসলাম ও লায়লা আরজুমান।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ। তিনি বলেন, নারীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিক্ষোভ মিছিলে নারীদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
বিআলো/আমিনা



