বান্দরবান-৩০০ আসন, নির্বাচনী মাঠে এগিয়ে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী
বান্দরবান প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ আসনে নির্বাচনী মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দলের সিদ্ধান্ত ও প্রার্থীদের অবস্থানের কারণে এ আসনের নির্বাচনী সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) নির্বাচনে অংশ না নেওয়া এবং কয়েকটি দলের প্রার্থীর সরে দাঁড়ানোর ফলে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর অবস্থান তুলনামূলকভাবে শক্ত হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
সম্প্রতি পরিচালিত একটি বেসরকারি জরিপেও উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তার প্রতি সমর্থন জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই সাচিং প্রু জেরী জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও দুর্গম পাড়ামহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পথসভা, মতবিনিময় সভা এবং ঘরে ঘরে ভোটার সংযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা অব্যাহত রেখেছেন তিনি।
গত শুক্রবার বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়ন ও রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি প্রচারণা চালান এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। প্রচারকালে সাচিং প্রু জেরী পাহাড়ি ও বাঙালিসহ সব জনগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করার কথা বলেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিভিন্ন ভাষায় বিতরণ করা হয়। নির্বাচনী প্রচারণায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতপার্থক্য দূর করে দলীয় নেতাদের একসঙ্গে মাঠে নামা নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের মতে, নির্বাচনে কয়েকটি দলের প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারে।
তবে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারণা আরও জোরদার হচ্ছে এবং ভোটের সমীকরণ নিয়েও চলছে নানা আলোচনা। উল্লেখ্য, বান্দরবান-৩০০ সংসদীয় আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপি মনোনীত সাচিং প্রু জেরী, জাতীয় নাগরিক পার্টি সমর্থিত আবু সাইদ মো. সুজা উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টি মনোনীত আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ। ভোটারদের মতে, মূল লড়াই হবে বিএনপি ও এনসিপির মধ্যে তবে জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী।
বিআলো/আমিনা



