বার্ধক্যকে জয় করে ভোট দিলেন ৯২ বছরের মমেনা বেগম
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার গোপালরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর বারোটায় হাজির হন ৯২ বছর বয়সি মমেনা বেগম। দুই হাতে লাঠি ব্যবহার করে ধীরগতিতে হাঁটলেও, গণতান্ত্রিক অধিকারের প্রতি তার অদম্য স্পৃহা কেন্দ্রে উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।
মমেনা বেগম জানান, দীর্ঘদিনের শারীরিক প্রতিবন্ধকতা ও একাকিত্ব তাকে বাধা দিতে পারেনি। তিনি বলেন, শরীর চলে না বাবা তবুও আসলাম। ভোট দেওয়া তো আমাদের আমানত। পছন্দের মানুষকে ভোট না দিলে শান্তি পাইতাম না। বহু বছর পর আবার ভোট দেওয়ার আনন্দে তার চোখ-মুখে তৃপ্তি দেখা গেছে। তার নিষ্ঠা এবং সংকল্প কেন্দ্রে উপস্থিত তরুণ ভোটারদেরও উদ্দীপনা জাগিয়েছে।
তার সঙ্গে আসা প্রতিবেশী রুনা বলেন, চাচি আম্মা ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করলে আমরা তাকে নিয়ে এসেছি। দুঃখজনক হলেও তিনি চোখে ভালো দেখতে পারেন না, তবে তার এই ভোট প্রদানের আগ্রহ সবাইকে অনুপ্রাণিত করছে। কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মাসুদ মুস্তাজীর বলেন, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মমেনা বেগমের মতো বয়স্ক মানুষের ভোটকেন্দ্রে উপস্থিতি আমাদের জন্য স্বস্তির। আমরা তাকে অগ্রাধিকার ভিত্তিতে ভোট দেওয়ার ব্যবস্থা করেছি।
মমেনা বেগমের এই উৎসাহ শুধু ব্যক্তিগত অধিকার প্রয়োগ নয় এটি গণতন্ত্রের শক্তি এবং সামাজিক অনুপ্রেরণার প্রতীক। তার উপস্থিতি প্রমাণ করে বয়স, অসুস্থতা বা শারীরিক প্রতিবন্ধকতা কোনো পরিস্থিতিতেই গণতান্ত্রিক দায়িত্ব পালনের পথে বাধা হতে পারে না।
লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মমতাজ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. ফিরোজ হায়দার লাভলু, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. মাহফুজুর রহমান, জনতার দলের প্রার্থী মো. শামীম কামাল, বিএনপি প্রার্থী মো. রোকন উদ্দীন বাবুল, জাতীয় পার্টির প্রার্থী মো. এলাহান উদ্দিন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রার্থী নিমাই চন্দ্র রায় সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৯৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২০০ জন, নারী ভোটার ২ লাখ ১৫ হাজার ৭৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৫টি।
বিআলো/আমিনা



