বিএনপির ভূমিধস বিজয়ে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল
ইবি প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভূমিধস বিজয় লাভ ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল আয়োজন করে শাখা ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।
উপস্থিত ছিলেন বিএনপিপন্থি অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, সাদাদলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ইবি জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়া শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বিজয়ের অনুভুতি প্রকাশ করে বলেন, দেশবাসীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জুলাই অভ্যুত্থানে যেসব ভাই-বোনেরা শহিদ হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি।
পাশাপাশি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করছি। আগামী নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের অপেক্ষায় আছি।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকাণ্ডের সমালোচনা করে নির্বাচিত সরকার গঠন করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনে প্রশাসনিক হর্তাকর্তা পরিবর্তন আনার ইঙ্গিত দিলেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়টি শহিদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করায় সব ধরনের সুবিধায় অগ্রাধিকার পাবে বলেও ব্যক্ত করেন।
বিআলো/আমিনা



