ব্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী নাজমীন নাজু
নিজস্ব প্রতিবেদক: প্লেব্যাকসহ অডিওপাড়ায় ব্যস্ততম সময় পার করছেন কণ্ঠশিল্পী নাজমীন নাজু। এ ছাড়া স্টেজ শো, টেলিভিশন লাইভ, রেকর্ডিং প্রোগ্রামসহ দেশের চলমান জাতীয় সংসদ নির্বাচনের ডিজিটাল প্রচারণামূলক গানে ও ভয়েস ওভারে কণ্ঠ দেওয়ার মাধ্যমে তিনি বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের পরিয়াব গ্রামে জন্ম নেওয়া এই কণ্ঠশিল্পীর শৈশব কেটেছে নিজের গ্রামেই। মাত্র ছয় বছর বয়স থেকেই সংগীতে বাবা-মায়ের কাছ থেকে গান শিখতে শুরু করেন নাজমীন নাজু। পরবর্তী সময়ে তিনি স্থানীয় ওস্তাদ নজরুল ইসলামের কাছে গান শিখেন।
এছাড়া সাভারে অবস্থিত সুর লহরী সংগীত একাডেমিতে রিপন মেহবুবের কাছে নজরুল সংগীতে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক কেন্দ্র থেকে শাস্ত্রীয় সংগীতে ওস্তাদ বাবু রহমানের কাছ থেকে চার বছরের কোর্স সম্পন্ন করেন তিনি। পরবর্তী সময়ে বুলবুল ললিত কলা একাডেমি (বাপা) থেকে নজরুল ও উচ্চাঙ্গ সংগীতে ওস্তাদ লিউজে বাড়ৌইর কাছে পাঁচ বছরের তালিম নেন। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ওস্তাদ অসীদ দের কাছ থেকেও শাস্ত্রীয় সংগীতের ওপর প্রশিক্ষণ নিয়েছেন।
বর্তমানে আলিয়াস ফ্রসেস দ্য ঢাকা ধানমন্ডি শাখায় ক্লাসিক্যাল সংগীতে তালিম নিচ্ছেন নাজু। ছোটবেলায় স্কুলের বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত গান করতেন তিনি এবং নজরুল, আধুনিক ও দেশের গানে জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা ও “নতুন কুড়ি” প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি বর্তমানে সাভার দেওয়ান ইদ্রিস ল’ কলেজে ফাইনাল ইয়ারে অধ্যয়ন করছেন। এর আগে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।
২০০৪ সালে প্রখ্যাত ভায়োলিন বাদক আলমাস আলী খানের সংগীত পরিচালনায় করা ‘কোথায় আছো পরদেশী’ শিরোনামের অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন নাজমীন নাজু। পরবর্তী সময়ে দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকারদের লেখা ও সুরে বেশ কয়েকটি মৌলিক গান করেছেন। তিনি গাজী মাজহারুল আনোয়ার, শেখ সাদী, প্লাবন কোরেশী, মোর্শেদুল ইসলাম, মিল্টন খন্দকার, আমিনুল, হাসান মতিউর রহমান, ফিরোজ প্লাবন, রওনক রায়হান, এস এম সোহেল, সৈয়দ শফিকুল ইসলাম, কবি মাহমুদুল হাসান নিজামীসহ অনেকের লেখা ও সুরে গান করেছেন।
প্রায় দুই শতাধিক মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন নাজমীন নাজু এবং প্রায় ২৫টি চলচ্চিত্রে গান করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত গান করেন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও একজন নিয়মিত শিল্পী। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আজব শহর ঢাকা, চলো দুজনে মিলে যাই পলাইয়া, আমি জোয়ান একটা মাইয়া।
সংগীত নিয়ে স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে নাজমীন নাজু বলেন, “আমৃত্যু সংগীতের সঙ্গে থাকতে চাই, ভালো ভালো কথা সুরের বাংলা গান করে যেতে চাই। বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।” তিনি আরও বলেন, “সুস্থ সংস্কৃতির পক্ষে সব সময় কাজ করতে চাই কারণ গান আমার রক্তে মিশে আছে।”
বিআলো/তুরাগ



