ভাষণটেক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জোবাইদা রহমান
মানবিক সহায়তা ও চিকিৎসাসেবায় স্বস্তি ফিরেছে দুর্গত পরিবারে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাষণটেকে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসনের স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমান। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তা ও চিকিৎসাসেবার কার্যক্রম পরিচালনা করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর ভাষণটেক এলাকায় আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়া পরিবারগুলোর দুর্দশা লাঘবে ডা. জোবাইদা রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহু পরিবার বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম মানবিক সংকটে পড়েন।
দুর্গতদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেন, যাতে তারা তাৎক্ষণিকভাবে দৈনন্দিন জীবনযাপন চালিয়ে নিতে পারেন। এই সহায়তা কার্যক্রমে ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।
মানবিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ উপলক্ষে এলাকাটিতে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নারী, শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধপত্রও সরবরাহ করা হয়।
এই সমন্বিত সহায়তা ও চিকিৎসাসেবা কার্যক্রম দুর্গত এলাকাবাসীর মধ্যে আস্থা ও স্বস্তির পরিবেশ সৃষ্টি করেছে। হঠাৎ ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্যোগে ডা. জোবাইদা রহমানের সরাসরি উপস্থিতি ও মানবিক উদ্যোগকে এলাকাবাসী মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা।
বিআলো/তুরাগ



