ভোট দিতে লালমনিরহাট ছাড়লেন ১১ বেদে পরিবার
লালমনিরহাট প্রতিনিধি : লোকচক্ষুর অন্তরালে যাযাবর জীবন কাটানো বেদে সম্প্রদায়ের মাঝেও বইছে উৎসবের আমেজ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে শুধুমাত্র নাগরিক অধিকার প্রয়োগের টানে লালমনিরহাট থেকে নিজ এলাকা মুন্সিগঞ্জে ফিরে গেছেন ১১টি বেদে পরিবারের ভোটাররা।
লালমনিরহাট পৌরসভার সাকোয়া বাজার এলাকায় গত এক সপ্তাহ ধরে অস্থায়ী ডেরা পেতে অবস্থান করছিল এই পরিবারগুলো। তবে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার উদ্দেশ্যে গত বুধবার দলনেতা বা সর্দারসহ মোট ১৫ জন ভোটার তাদের আদি বসতভিটা মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
সাকোয়া বাজারে বর্তমানে ডেরা ও পরিবার দেখাশোনা করার জন্য রয়ে গেছেন হাতেগোনা কয়েকজন সদস্য। তাদেরই একজন মো. নাসিম জানান, আমাদের আসল বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ে। আমাদের দলের যারা ভোটার তারা সবাই বুধবারই চলে গেছেন।
আমরা শুধু ডেরা আর মালামাল পাহারা দেওয়ার জন্য এখানে রয়ে গেছি। বাপ-দাদার আমল থেকে যাযাবর জীবনই এই মানুষগুলোর একমাত্র সম্বল। নতুন সরকারের কাছে তাদের চাওয়া খুবই সামান্য কিন্তু তাৎপর্যপূর্ণ। নাসিম আরও বলেন, নতুন যে দলই ক্ষমতায় আসুক না কেন আমাদের শুধু একটাই চাওয়া আমরা যেন সারা দেশে নিরাপদে ঘুরে বেড়াতে পারি এবং নির্বিঘ্নে আমাদের এই পেশা চালিয়ে যেতে পারি।
বর্তমানে সাকোয়া বাজার এলাকায় ওই ১১টি পরিবারের নারী ও শিশুরা অবস্থান করছেন। ভোট দেওয়া শেষে ভোটাররা পুনরায় তাদের কর্মস্থলে (লালমনিরহাট) ফিরে আসবেন বলে জানা গেছে। যাযাবর জীবনে থেকেও তাদের এই দায়িত্বশীলতা স্থানীয়দের মনে কৌতুহল ও প্রশংসার জন্ম দিয়েছে।
বিআলো/আমিনা



