ভোলা-৪ আসনে হাতপাখার প্রচারণায় নারীদের অধিকার ও নৈতিক সমাজ গঠনের অঙ্গীকার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর প্রচারণা দিন দিন জোরালো হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিনের প্রচারণায় নারীদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
মুশফিক হাওলাদার, ভোলা দক্ষিণ: চরফ্যাশন ও মনপুরার বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন হাতপাখা প্রতীকের প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন। প্রচারণাকালে তিনি স্থানীয় বাজার, সড়ক ও জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ ভোটার, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগে প্রফেসর কামাল উদ্দিন বলেন, নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দুর্নীতিমুক্ত নৈতিক সমাজ গঠনই তার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ ভোলা-৪ আসনকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তর করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এবার সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। অনেক ভোটার বলেন, অতীতে নির্বাচিত সংসদ সদস্যরা শুধু প্রতিশ্রুতি দিয়েই সীমাবদ্ধ ছিলেন; নির্বাচনের পর তাদের আর খুঁজে পাওয়া যায়নি। এ অবস্থায় হাতপাখার প্রার্থী ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন—গৃহহীনদের ঘর করে দেওয়া, চিকিৎসা ও শিক্ষাসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তার ভূমিকা রয়েছে বলে তারা জানান।
হাতপাখার নেতা-কর্মীরা দাবি করেন, সততা ও যোগ্যতার দিক থেকে তাদের প্রার্থী অন্যদের চেয়ে এগিয়ে। এ কারণে তারা নির্বাচনে ভালো ফলের ব্যাপারে আশাবাদী। এদিকে চরফ্যাশন ও মনপুরার অলিগলি থেকে শুরু করে চায়ের দোকানগুলোতেও নির্বাচনী আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ছে, যা ভোলা-৪ আসনে ভোটের উত্তাপ আরও বাড়িয়ে তুলছে।
বিআলো/তুরাগ



