মতলব উত্তরে পুলিশের অভিযানে ২ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার
জাকির হোসেন বাদশা, মতলব উত্তর (চাঁদপুর) চাঁদপুরের মতলব উত্তর থানার পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে মতলব উত্তর থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই একেএম ইউনুছ, এএসআই রবিউল হোসেন, এএসআই মো. মনির হোসাইনসহ পুলিশের একটি দল সাদুল্লাপুর ইউনিয়নের পশ্চিম পুটিয়ারপাড় এলাকায় অভিযান চালায়। এ সময় সাবেক ইউপি সদস্য ফয়েজ মেম্বারের বসতঘর থেকে মো. সাকিল হোসেন (২৫) ও মোসা. রিমা আক্তার (৩৪)-কে আটক করা হয়।
পরে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য ফয়েজ মেম্বার ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। কিছুদিন আগে ফয়েজ মেম্বার বিদেশে চলে গেলে তার অনুপস্থিতিতে এই অবৈধ কর্মকাণ্ড তার স্ত্রী ও শাশুড়ি পরিচালনা করতেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্র জানায়, আটক দুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, “মাদক নির্মূলে মতলব উত্তর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।”
অন্যদিকে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হোসনাইন সানীব বলেন, “মতলব এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
বিআলো/তুরাগ



