মামলা ও চার্জশিটের পরও বহাল ক্যাশিয়ার আওলাদ হাওলাদার
বরিশাল ব্যুরো : বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের ক্যাশিয়ার কাম নায়েব নাজির মো. আওলাদ হাওলাদারের বিরুদ্ধে ভূমি দখল, ভয়ভীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলায় চার্জশিট দাখিল হলেও এখনো কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি কর্মস্থলে বহাল রয়েছেন বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের মে মাসে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনসহ দণ্ডবিধির ধারায় একটি মামলা হয়। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় আরেকটি মামলা দায়ের হয়।
মামলা সূত্রে জানা যায়, উত্তর চরকরঞ্জী এলাকার বাসিন্দা মৃত আফতার আলী হাওলাদারের ছেলে মো. ফজলুল হক (৬২) ২০২৫ সালের ২৭ মে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা এবং দণ্ডবিধির কয়েকটি ধারায় মামলা দায়ের করেন (সিআর মামলা নং-১৪৯/২৫)।
একই বছরের ২৯ মে উত্তর চরকরঞ্জী এলাকার মৃত আছমত আলী হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৪৩) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় আরেকটি মামলা দায়ের করেন (মামলা নং-১০০১/২৫)।
ভুক্তভোগীদের অভিযোগ, মামলার পর জামিন নিয়ে মো. আওলাদ হাওলাদার আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং পদমর্যাদার প্রভাব দেখিয়ে আইনকে অগ্রাহ্য করছেন।
তার বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলা ও হয়রানির ভয় দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, জামিনের পর তিনি আরও বেপরোয়া হয়ে পদমর্যাদার প্রভাব দেখিয়ে ভুক্তভোগীদের হুমকি দিচ্ছেন।
এ ঘটনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সরকারি কর্মচারী আইন অনুযায়ী অভিযোগপত্রের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন তুলে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন নিজ জেলায় কর্মরত থেকে আদালতকেন্দ্রিক স্বজনবলয় গড়ে তুলে প্রভাব বিস্তার করছেন তিনি। এ বিষয়ে তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। অভিযোগ সংক্রান্ত বিষয়ে হোয়াটসঅ্যাপে ম্যাজেস পাঠানো হলেও তিনি কোন রিপ্লাই করেননি।
বিআলো/আমিনা



