মেঘনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রবিবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে মেঘনা আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
রাত ১টা ৫০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত চলা অভিযানে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বড়াইকান্দি গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি বড়াইকান্দি গ্রামের হাজী মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শাহজাহান মিয়া। অভিযানের সময় তার নিজ বাসা থেকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্র মেঘনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অভিযানের কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
বিআলো/আমিনা



