ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের
এস কে সরকার, মেঘনা (কুমিল্লা) : কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী শেষ জনসভা গণজোয়ারে পরিণত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মেঘনা উপজেলার মানিকারচর লাল মিয়া লতিফ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ধানের শীষ প্রতীকের সমর্থনে নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণ করেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি মাঠজুড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন। সভাস্থলে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় যা নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে বলে সংশ্লিষ্টরা জানান। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থাকার ওপর গুরুত্বারোপ করেন।
মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান, উপদেষ্টা সালাউদ্দিন সরকার, সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল হক শাহীন, যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ মোহাম্মদ ও জয়নাল আবেদীন সরকার, ডা. এম এ কাইয়ুম, দিলারা শিরিন, আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলাম, জহিরুল হক জহির ও আনিছুর রহমানসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া জনসভায় উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুদ্দিন রতন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন এবং উপজেলা মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



